স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও এবারের নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রধান প্রার্থী ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বলেছেন, আইনজীবীরা এমন এক সমাজে বাস করছে, যে সমাজ এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের নিজেদের প্রতিষ্ঠান বার কাউন্সিলে আজ ধস নেমেছে। দুর্নীতি আর বন্ধ্যাত্বকরণের কালো ছাপ বার কাউন্সিলেও লেগেছে। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। কারণ আজকের পরিবর্তিত অবস্থায় বার কাউন্সিলকে রক্ষা এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সমন্বয় পরিষদকে বিজয়ী করতে হবে।
তিনি ৪ আগস্ট মঙ্গলবার বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সমন্বয় পরিষদের এক নির্বাচনী সভায় ওই কথা বলেন। ওইসময় তিনি বলেন, একটি সংগঠনকে আকড়ে ধরে রাখার মন-মানসিকতা আমাদের নেই। এজন্য বার কাউন্সিলের নির্বাচন থেকে কয়েক দফা বিরত ছিলাম। আজ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে সাবেক ৩ ভাইস-চেয়ারম্যান মিলে এক প্যানেলে নির্বাচনে নেমেছি। তিনি বলেন, আমাদের সময় নবীন আইনজীবীদের হাতে সনদ তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। আর এখন কেরানীর হাত থেকে সেই সনদ নিতে হচ্ছে নবীন আইনজীবীদের। তিনি সম্মিলিত সমন্বয় পরিষদের প্রার্থীদের ভোট দিতে স্থানীয় আইনজীবীদের প্রতি অনুরোধ জানান।
সভায় সমন্বয় পরিষদের অন্যান্য প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, বার কাউন্সিলের বিদায়ী সদস্য, সাবেক আইনমন্ত্রী এডভোকেট আব্দুল মতিন খসরু ও আলহাজ্ব এইচ আর জাহিদ আনোয়ার। জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট নুরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য রাখেন সুপ্রীম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ড. শহীদুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন প্রমুখ।
পরে আইনজীবী নেতাদের হাতে জেলা আইনজীবী সমিতির সার্ধশত বর্ষপূর্তির স্মরণিকা তুলে দেন সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক আবুল মানসুর স্বপন ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম আধার।








