শ্যামলবাংলা ডেস্ক : বৈরী রাজনৈতিক পরিস্থিতিতে অনুষ্ঠিত এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ২৬ জুলাই রবিবার তিনি ওই তথ্য জানান।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুযায়ী ১১ জুন এইচএসসি পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। আগামী ৮ অথবা ৯ আগস্ট সম্ভাব্য তারিখ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলের সারসংক্ষেপ পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
আজ শিক্ষামন্ত্রী জানান, সম্ভাব্য দুই দিনের মধ্যে ৯ তারিখ ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের মধ্যে গত ১ এপ্রিল সারাদেশে শুরু হয় উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি), সমমানের আলিম, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) ও ডিআইবিএস (ডিপ্লোমা ইন বিজসেন স্টাডিজ) পরীক্ষা। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আট হাজার ৩০৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিয়েছে। ঢাকা দক্ষিণ ও উত্তর এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২৬, ২৭ ও ২৮ এপ্রিলের পরীক্ষা পিছিয়ে মে মাসের ২, ৪ ও ১৬ তারিখে গ্রহণ করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কার মধ্যেই উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ১১ জুন এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা সম্পন্ন হয়। ১৩ থেকে ২২ জুন পর্যন্ত নেয়া হয়েছে ব্যবহারিক পরীক্ষা।









