শাহ্ আলম শাহী, দিনাজপুর : এশিয়া এনার্জি’র অফিস প্রত্যাহারসহ ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে অবরোধ চলছে। ২৭ নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রেখেছে খনি বিরোধী বিক্ষুদ্ধ জনতা। এ অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত। তবে ট্রেন চলাচল রয়েছে স্বাভাবিক।

তেল-গ্যাস,খনিজ সম্পদ,বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি এ অবরোধের ডাক দিয়েছে। শুধু অবরোধ নয়, ফুলবাড়ী বাঁচাতে ওই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহন করে অঘোষিত হরতাল পালন করছে। আজকের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছে আন্দোলনকারীরা। অবরোধের ফলে সকাল থেকেই কোন প্রকার যানবাহন চলাচল করতে পারেনি। এদিকে সকাল থেকে এখন পর্যন্ত শহরের সব ধরনের দোকান-পাট বন্ধ রয়েছে। সকালে অবরোধকারীরা নিমতলা মোড়ে রাস্তায় অগ্নিসংযোগ করে।
মূলতঃ বুধবার এশিয়া এনার্জির কান্ট্রিডিরেক্টর গ্যারি লাইয়ের ফুলবাড়ীতে আগমন ও সুবিধাভোগিদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করায় সৃষ্টি হয়েছে এ পরিস্থিতি। আবারও ফুঁসে উঠেছে খনি বিরোধী ফুলবাড়ীবাসী। বুধবার ৫ ঘন্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহা-সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। লাঠি-সোটা নিয়ে দিনব্যাপী বিক্ষোভ করে তারা। হামলা চালিয়ে ভাংচুর করে এশিয়া এনার্জি’র অফিসসহ দু’টি গাড়ি। আলোচনার প্রেক্ষিতে পরে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর আড়াই টায় এশিয়া এনার্জির কান্ট্রিডিরেক্টর গ্যারি লাই কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে প্রশাসনের সহায়তায় ফুলবাড়ী ত্যাগ করতে সক্ষম হয়।
ফুলবাড়ী উপজেলা তেল-গ্যাস বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির ছয় থানার সমন্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবলু জানান, ফুলবাড়ী থেকে এশিয়া এনার্জি অফিস প্রত্যাহার করে নেয়ার দাবিতে আজ সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি চলছে।
ফুলবাড়ীর সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহবায়ক, পৌর মেয়র মুর্তুজা সরকার মানিক বলেন,এশিয়া এনার্জি’র চক্রান্ত ফাঁস হয়ে পড়েছে। তারা আবারও চাইছে,ফুলবাড়ীকে গ্রাস করতে। তা ফুলবাড়ীবাসী কখনও মেনে নিবেনা। এই ফুলবাড়ী রক্ষার্থে ফুলবাড়ীবাসী রক্ত দিয়েছে,প্রাণ দিয়েছে। প্রয়োজনে আরও রক্ত দিবে। প্রাণ দিয়ে রক্ষা করবে ফুলবাড়ীকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, গ্যারি লাই একজন বিদেশি। তিনি ফুলবাড়ীতে আসলে অবশ্যই প্রশাসনকে অবগত করা প্রয়োজন ছিলো। কিন্তু আমাদের কোন কিছুই জানানো হয়নি। খনি বিরোধী মানুষের কাছে তার আগমন অনাকাংখিত। যার কারণে এ পরিস্থিতি। তবে সমাপনী পরীক্ষার্থীরা এ অবরোধের আওতামুক্ত রয়েছে।
উল্লেখ্য, ২০০৬ সালে ২৬ আগষ্ট খনি বিরোধী আন্দোলনে ফুলবাড়ীতে আইন শৃংখলা বাহিনীর গুলিতে ৩ জন প্রাণ হারায়। আহত হয় আরও প্রায় ৩ শতাধিক মানুষ। পরে তৎকালীন সরকার এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিস্কার, ফুলবাড়ীসহ দেশের কোথায় উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি না করাসহ ফুলবাড়ীবাসীর সাথে ৬ দফা চুক্তি করে।




