কুষ্টিয়া প্রতিনিধি : ২৫ নভেম্বর মঙ্গলবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কাঙ্খিত সম্মেলনকে স্বাগত জানাতে কুষ্টিয়া শহরকে সাজানো হয়েছে ব্যানার-ফেস্টুন আর তোরণ দিয়ে। কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের মজমপুর গেট থেকে সার্কিট হাউস পর্যন্ত এবং মজমপুর থেকে এনএস রোডের দুই পাশে ১৫-২০ ফুট পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাহবুব-উল আলম হানিফসহ জাতীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দের বিশালাকৃতি ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্ততি। আজকের এই সম্মেলনে যোগ্য নেতৃত্ব উপহার পাবে কুষ্টিয়া আওয়ামী লীগ এমন প্রত্যাশা তৃণমূল নেতাকর্মীদের। এদিকে জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করতে সকল প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ সম্মলনের উদ্বোধন করবেন। প্রধান অতিথি থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এম.পি, খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া, সদস্য এ্যাডঃ সুভাষ চন্দ্র বোস, বেগম মন্নুজান সুফিয়ান এম.পি, এ্যাডঃ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এম.পি, মোস্তফা মোহাম্মদ ফারুক ও এস এম কামাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক এম.পি। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার জুলফিকার আলী আরজু। সভা পরিচালনা করবেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী।
উল্লেখ্য, সর্বশেষ আওয়ামী লীগের কুষ্টিয়া জেলা কমিটি গঠনের জন্য ২০০৪ সালের ১৬ এপ্রিল কুষ্টিয়া শিল্পকলা একাডেমীর হলরুমে কাউন্সিল অনুষ্ঠিত হয় এবং ২০০৫ সালে ২২ ফেব্রুয়ারি ৭১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি অনুমোদন দেয়া হয়।




