শরীয়তপুর সংবাদদাতা : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর কাজ জার্মানি, চীন ও সিঙ্গাপুরেও হচ্ছে। ২০১৮ সালে পদ্মা সেতুর উপর দিয়ে রেল ও যানবাহন চলবে। পদ্মা সেতু এলাকায় বিমানবন্দর, ক্রীড়া কমপ্লেক্স ও হংকং, সাংহাই’র আদলে নয়নাভিরাম শহর গড়ে তোলা হবে। ২১ নভেম্বর শুক্রবার সকালে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা সংযোগ সড়ক নির্মাণ কাজ পরিদর্শনের পর মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুরে সাংবাদিকদের তিনি ওইসব কথা বলেন।
এসময় তিনি বলেন, সেতু নির্মাণের জন্য লঞ্চ ও ফেরিঘাট স্থানান্তর প্রয়োজন। সেনা বাহিনীর তত্ত্বাবধানে ঘাট স্থানান্তরের কাজও শেষ পর্যায়ে রয়েছে। আগামী মাসে লৌহজং উপজেলার শিমুলিয়ায় ঘাট স্থানান্তর করা হবে। তিনি আরও বলেন, ১০ নভেম্বর সিনো হাইড্রো কোম্পানির সঙ্গে চুক্তির পর তারা মোবালাইজেশন শুরু করেছে। জানুয়ারিতে তারা নদী শাসনের কাজ শুরু করবে। মূল সেতুর ঠিকাদার চায়না মেজর ব্রিজ সেতু নির্মাণের কিছু কাজ শুরু করেছে। সেতুর কিছু যন্ত্রাংশ সিঙ্গাপুর,চায়না ও জার্মানীতে তৈরি করা হচ্ছে। মন্ত্রী বলেন, পদ্মা সেতুর সবগুলো কাজ একসঙ্গে এগিয়ে যাচ্ছে। পদ্মাপাড়ে হংকং ও সাংহাইয়ের মত নয়ন জুড়ানো শহর গড়ে উঠবে। এখানে শিল্পায়ন করা হবে। বিমানবন্দর, ক্রীড়া কমপ্লেক্স ও পর্যটন এলাকা গড়ে তোলা হবে।
এ সময় পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম, সেনা বাহিনীর ব্রিগেডিয়ার সাজ্জাদ, ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোনেম লিমিটেডের পরিচালক আবিদ হাবীব, মাদারীপুরের জেলা প্রশাসক এ এস এম জাফর উল্লাহ, শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ভিখারুদ্দৌলা চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এহশান শাহ উপস্থিত ছিলেন।




