মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনখালি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোল্লাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা জানিয়েছেন, রামনগর ও ভবানিপুর গ্রাম নিয়ে মোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড গঠিত। বিকেলে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটি গঠনের লক্ষ্যে কাউন্সিল শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস। কাউন্সিলের এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোল্লা ও আওয়ামী লীগ কর্মী ভবানীপুর গ্রামের আতাউর রহমানের সাথে বাক-বিতন্ডতা শুরু হয়। এ সময় উভয় পক্ষ লাঠি সোঠা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে উভয় পক্ষের আহত হয় রফিকুল ইসলাম মোল্লা, নাসির উদ্দীন, তোয়াছিন, মিয়ারুল ইসলাম, জিয়াউর রহমান, হাসান, বাদল, আফসার আলী ও রহিম।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সন্ধ্যায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।




