ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মী ও পদ বঞ্চিত নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিছোটা ও দেশীয় অস্ত্রের মহড়ায় ঘটনা ঘটেছে। উপজেলা শহরের বাইপাস, গোডাউন এলাকা, ডাকবাংলো মোড় ও স্কুল মার্কেট এলাকায় মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৭টা পর্যন্ত বিচ্ছিন্ন ভাবে দফায় দফায় এ ধাওয়া-পাল্টা ধাওয়া, ও ব্যাপক উত্তেজনার ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের উভয় পক্ষের ৫ নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা শহরের এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশও কঠোরভাবে সন্ধ্যা থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে এবং রাতে বিভিন্ন মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে পরে পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রনে চলে আসে। একাধিক সূত্র জানান, বিকেলে উপজেলা যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশ নেয় ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতাকর্মী ও পদ বঞ্চিত নেতাকর্মীরা। র্যালিটি জেলখানার মোড় এলাকায় গেলে সামনের সাড়িতে যাওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। রাজাপুর থানার ওসি মাসুদুজ্জামান জানান, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ কঠোর অবস্থানে থেকে পরিস্থিতি পুরোপুরি শান্ত করে।




