মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : ঘরবাড়ি ও ফসলের ক্ষতিকারক ইঁদুর মারার জন্য এবার পুরস্কার ঘোষণা করেছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান। ৬ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত কৃষক সমাবেশে তিনি প্রতিটি ইঁদুর মারার জন্য ৫ টাকা করে পুরস্কার প্রদানের ঘোষণা দেন। এদিন একটি ইঁদুর মেরে এ অভিযানের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার নান্নু।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপপরিচালক মোঃ নজরুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মফিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা দেওয়ান মুকিম উদ্দিন প্রমুখ। ইঁদুর নিধনে পুরস্কারের ঘোষণায় কৃষকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে।




