শ্যামলবাংলা ডেস্ক : রূপকল্প-২০২১ সালের মাধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সৌর বিদ্যুৎ ব্যবহার ও ৩০ লাখ গ্রাহক উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ওই কথা বলেন। এসময় তিনি বলেন, আমরা বিদ্যুতের উন্নয়নে স্বল্পমেয়াদী, মাঝারি ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি। ইতোমধ্যে এ খাতটিতে ১১হাজার ৭শ ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদন করা হয়েছে। রূপপুরসহ দেশের বিভিন্ন স্থানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উত্পাদনের পদক্ষেপ নিয়েছি। আগামীতে দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যেই আমরা কাজ করছি।
প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানের লক্ষ্যে সরকার ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে। ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে আলোচনা চলছে।




