মো: আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: যুগোপযোগী পে-স্কেল ঘোষণা এবং চলতি অর্থবছর থেকেই বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতি ও কর্মকর্তা-কর্মচারীরা।
জানা গেছে, বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল সাড়ে ১১টার দিকে যুগোপযোগী পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশের আয়োজন করে বাকৃবি শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত সমাবেশে শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদ, ৩য়, ৪র্থ ও কারিগরি কর্মচারী সমিতির নেতারা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবু হাদী নুর আলী খানের সঞ্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক, শিক্ষক সমিতির সভাপতি ও পে-স্কেল বাস্তবায়ন কমিটির সদস্য অধ্যাপক ড. মো. লুৎফুল হাসান, অধ্যাপক ড. এ কে এম শামসুদ্দীন, অধ্যাপক ড. আবুল হাশেম, অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন, অফিসার পরিষদের সভাপতি অলিউল্লাহ প্রমুখ।
সমাবেশে বক্তারা চলতি অর্থবছর থেকে পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান। সেই সাথে সকল প্রকার ভাতাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।




