ঝিনাইদহ প্রতিনিধি : যুদ্ধাপরাধীদের প্রত্যাশিত বিচার সাধারণ জনগণ পায়নি বলে অভিযোগ করেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। ছয় দফা দাবিতে গণজাগরণ মঞ্চের জাগরণযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ৩১ অক্টোবর শুক্রবার বিকালে ঝিনাইদহে সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, যুদ্ধপরাধীদের দ্রুত বিচার ও শাস্তি কার্যকর করতে হবে। তা না হলে এ জাগরণ যাত্রা আরও কঠোর কর্মসুচি ঘোষনা করা হবে।

বিকাল সাড়ে ৪টার দিকে বাস ও মাইক্রোযোগে জাগরণযাত্রার বহরটি ঝিনাইদহ শহরে এসে পৌঁছায়। যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত সাঈদীর রিভিউ পিটিশন বাতিল, সব যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ ছয়দফা দাবিতে এই জাগরণযাত্রা কর্মসূচি পালিত হয়। ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে পৌনে বিকাল ৫টার দিকে শহরের ওয়াজির আলী হাইস্কুলের সামনে থেকে জাগরন যাত্রার একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে গণজাগরণ মঞ্চ, জেলা বাসদ, সিপিবি, উদীচি, ছাত্রফ্রন্ট, ছাত্রইউনিয়ন সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে সমাবেশ করেন তারা।
সমাবেশে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেন, তৃণমূল পর্যায়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করে তাদের বিচারের আওতায় আনতে হবে। রাষ্ট্রপতির যুদ্ধাপরাধীদের ক্ষমার বিধান বাতিল করতে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। তিনি আরও জানান আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যনালে অনেক যুদ্ধপরাধীদের বিচারের রায় দেওয়া হয়েছে। কিন্তু দেলোয়ার হোসেন সাইদীর বিচারের রায় প্রত্যাশিত মত আমরা পাইনি।
সমাবেশে গণজাগরণ মঞ্চের সংগঠক ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারিখ, সাধারন সম্পাদক লাকি আক্তার, ছাত্র ফ্রন্টের সভাপতি জর্নাদন দত্ত, শিবলী সাদিক, মারুফ রাসেল, প্রীতি লতা, মুক্তা বাড়ই সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সমাবেশ শেষে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেন। চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সমাবেশ শেষে তারা মেহেরপুরে রাত্রি যাপন করবেন।




