ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : পাবনায় জামায়াত আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর রায়কে কেন্দ্র করে ২৭ জন জামায়াত শিবির কর্মী সহ ১৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গল ও বুধবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) এস এম মোস্তাইন হোসেন জানান, মঙ্গল ও বুধবার রাতে জেলার এগারোটি থানায় পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে জামায়াত-শিবিরের ২৭ নেতা-কর্মীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ১৪৭ জন আসামীকে গ্রেফতার করা হয়।

পাবনায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা ॥ অপর অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ॥ আটক ২
পাবনায় যৌতুকের দাবিতে ঘাতক স্বামীর গুলিতে রোমানা খাতুন (২০) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় শ্বশুর শ্বাশুড়িকে আটক করেছে। অপরদিকে আতাইকলা থানা পুলিশ এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী হানিফুল ইসলাম জানান, পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের আকাত হোসেনের সাথে রোমানা খাতুনের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী আকাত স্ত্রীর কাছে বিভিন্ন সময় যৌতুক দাবী করে আসছিল। এরই জের ধরে রাতে তাদের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে স্ত্রীকে গুলি করে হত্যার পর স্বামী পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় শশুর আব্দুল লতিফ ও শাশুড়ি আকলিমা খাতুনকে আটক করেছে। পুলিশ সকালে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত রোমানা দোগাছি ইউনিয়নের ব্রজনাথপুর গ্রামের রফিুকুলের মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিল।
এদিকে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম জানান, স্থানীয় লোকজন দুপুরে বাঐকোলা গ্রামের গারুলিয়া বিল গিয়ে একটি লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্যে লাশটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
পাবনায় জামায়াতের ডাকা হরতাল ঢিলেঢালা ভাবে পালিত
জামায়াতের আমীর আল বদর প্রধান মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা ৩ দিনের হরতালের প্রথম দিন পাবনায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। হরতালের পক্ষে জামায়াত শিবিরের কোন মিছিল পিকেটিং করতে দেখা যায় নাই। তবে জেলা যুবলীগ হরতালের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার ভারী যানবাহন চলাচল না করলেও অভ্যন্তরীন হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে শহরে বেলা বাড়ার সাথে সাথে দোকান-পাট খুলতে শুরু করে।
আইন শৃংখলা রক্ষায় র্যাব পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
বেলা সাড়ে ১২ টার দিকে হরতালের প্রতিবাদে আওয়ামী যুবলীগের একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে করে।
জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধানের সভাপতিত্বে এবং জেলা যুবলীগের প্রচার সম্পাদক ফাহিমুল কবির খান শান্ত’র পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ সহ অংগসংগঠনে নেতৃবৃন্দ।




