ঝিনাইদহ প্রতিনিধি : হরতালের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শহরের এইচএসএস সড়ক থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতাকর্মীরা হরতাল বিরোধী বিভিন্ন স্লে¬¬¬াগান দেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান মিছিলে নেতৃত্ব দেন। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করে নেতাকর্মীরা। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন, যুগ্ম আহবায়ক রাসিদুর রহমান রাসেল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা মিথুন, যুবলীগ নেতা হাফিজুর রহমান, বাবুল আজাদ, জাহাঙ্গীর আলম, রাজু আহমেদ, সিরাজুল করিম, ইব্রাহিম খলিল রাজা বক্তব্য রাখেন। সমাবেশে জামায়াত শিবিরের তাণ্ডব রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। তারা লাগাতার হরতাল দিয়ে জনগণের দূর্ভোগ সৃষ্টি করছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে জামায়াতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। বক্তারা মতিউর রহমান নিজামীর দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।




