শ্যামলবাংলা স্পোর্টস : টেস্টে এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৮ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এর ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে গুটিয়ে গেছে সফরকারী জিম্বাবুয়ে। টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১০১ রান।
১৬ ওভার ৫ বলে ৩৯ রান দিয়ে প্রতিপক্ষের আট ব্যাটসম্যানক সাজঘরে ফেরান তাইজুল। এর আগে ২০০৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই এক ইনিংসে ৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড ছিল এনামুল হন জুনিয়রের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৯৫ রান দিয়ে এ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ২০০৮ সালে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ রান দিয়ে ৭ উইকেট নেন সাকিব আল-হাসান।
এদিকে ১০১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানে প্রথম তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। এল্টন চিগুম্বুরা তামিম ইকবাল ও মুমিনুল হককে ফেরান। মাঝখানে টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে যান শামসুর। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
প্রথম ইনিংসে ১৪ রানের লিড নেয়ায় তাই প্রথম টেস্ট জিততে বাংলাদেশের চাই ১০১ রান। এ রান করতে প্রায় আট সেশন সময় রয়েছে বাংলাদেশের।




