খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আগাম জাতের আমন বিনা-৭ ধান কাটা শুরু হয়েছে। এখন কৃষক-কৃষাণীরা বিনা ধান কাটা ও মাড়াই কাজে ব্যস্ত সময় পার করছেন। বন্যা ও পাহাড়ি ঢলের পরও ধানের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে তৃপ্তির হাসি দেখা গেছে।

২০ অক্টোবর সোমবার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, আগাম জাতের বিনা-৭ ধান কাটার ওই চিত্র। এ ধান কাটাকে ঘিরে এখন এলাকার কৃষক পরিবারে বিরাজ করছে বিশেষ উত্সব। ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি আমন মৌসুমে এ উপজেলার কৃষকরা এক হাজার হেক্টর জমিতে বিনা ধানের আবাদ করেছেন। এবার প্রতি হেক্টর জমিতে ১শ মণ ধান উত্পাদিত হয়েছে।
বিনা ধানের উপকারিতা সম্পর্কে উপজেলা কৃষি কর্মকর্তা মো. কোরবান আলী জানান, বিনা-৭ ধান অন্য ধানের তুলনায় একমাস আগে কাটা যায়। এতে কার্তিকের অভাব মোকাবেলায় সহায়তা করে। ধান ক্ষেতে পোকা মাকড়ের আক্রমণ ও রোগ বালাই তেমন হয় না। এ ছাড়া ধান কাটার পর ওই জমিতে বোরো, সরিষা এবং ভূট্টা আবাদ করে অতিরিক্ত ফসলও উত্পাদন করা যায়।




