চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক আকাশ খবর পত্রিকার সম্পাদক তছিরুল আলম মালিক ডিউক সহ তিন জনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার আমলী আদালত খ অঞ্চলে আজ সোমবার সকালে মানহানির ১ কোটি টাকা ক্ষতিপূরণ মামলা করেছেন দর্শনা পৌরসভার প্যানেল মেয়র ও দৈনিক মানবকন্ঠ এবং অনলাইন শীর্ষ নিউজ পত্রিকার সাংবাদিক শরীফ উদ্দীন। মামলার অন্য আসামীরা হলেন, দৈনিক আকাশ খবরের ভারপ্রাপ্ত সম্পাদক তানজির আহমেদ রনি ও ষ্টাফ রিপোর্টার এস,এম, ওসমান। মামলা সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর আকাশখবর পত্রিকার ১ম পৃষ্ঠার ৫ম কলামে “দর্শনা পৌরসভার ভিজিএফএর চাউল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছাত্রলীগের পৌরসভা ঘেরাও প্যানেল মেয়র শরীফের দিকে সন্দেহের তীর ” শীর্ষক শিরোনামে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে। ওই সংবাদে সাংবাদিক শরীফ উদ্দীনের ছবি মুদ্রন করে ছবির নিচে “অভিযুক্ত শরীফ” লেখা এবং সংবাদের বিভিন্ন স্থানে “বিতর্কিত শরীফ” বাক্যদুটি লিখে তার সম্মানহানি করা হয়েছে।

আদালতের বিচারক মো: তৈয়ব আলী বাদীর বক্তব্য শোনেন এবং মামলাটি তদন্ত করার জন্য দামুড়হুদা থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ৩০ ডিসেম্বর। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যডভোকেট মো: আকবর আলী ও এ্যডভোকেট মো: আফতাব উদ্দীন।
চুয়াডাঙ্গায় বিজিবির ভারতীয় মালামাল আটক

চুয়াডাঙ্গার পৃথক তিনটি স্থানে বিজিবি চোরাচালান বিরোধি আভিযান চালিয়ে ভারতীয় মদ, যৌন উওেজক ট্যাবলেট, ভারতীয় ফসফেট সার, সিটি গোল্ডের বিভিন্ন ধরনের গহনা ও ঘড়ির ব্যাটারি আটক করে। রোববার গভীর রাতে জীবননগর মানিকপুর মাঠ, দামুড়হুদার চাকুলিয়া মাঠ ও কুতুবপুর ঈদগা মাঠ থেকে বিজিবি পরিত্যাক্ত অবস্থায় ভারতীয় মালামাল আটক করে।
চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল এস.এম.মনিরুজ্জামান জানান, জীবননগর উপজেলার রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: বাবুল পাটোয়ারী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মানিকপুর মাঠ থেকে ১১৪ বোতল ভারতীয় মদ ও ৯ হাজার ২ শ টি যৌন উওেজক ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে দামুড়হুদা ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মো: রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে একই উপজেরার চাকুলিয়া মাঠ থেকে সিটিগোল্ডের ৪২৫৬ জোড়া কানের রিং, ২৪০ জোড়া হাতের চুড়ি, ৫৫০ টি গলার চেইন ও ৮ হাজর টি হাত ঘড়ির ব্যাটারি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। আর মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা কুতুবপুর ঈদগা মাঠ থেকে ২ শ ৫০ কেজি ভারতীয় ফসফেট সার উদ্ধার করে। তিনি আরোও জানান আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ৮৫ হাজার টাকা।
দামুড়হুদায় ফেন্সিডিলসহ আটক ৩
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পৃথক স্থান থেকে ৫৪৮ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, রোববার রাত ১০টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের সুবেদার খোরশেদ আলমের নেতৃত্বে হাবিলদার রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুলতানপুর গ্রামে অভিযান চালিয়ে একই গ্রামের সলেমানের ছেলে আশরাফ আলী (৩৮) ও ওলী বিশ্বাসের ছেলে আব্দুল হান্নান (৩৫) কে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এর আগে, সন্ধ্যা ৭টার দিকে উথলী বিশেষ ক্যাম্পের কমান্ডার মিন্টু মিয়া সঙ্গীয় ফোর্সসহ লোকনাথপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলার সুলতানপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০) কে ৪০০ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এ ব্যাপারে দামুড়হুদা থানায় পৃথক দু’টি মামলা হয়েছে।




