শ্যামলবাংলা ডেস্ক : গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ পিছিয়েছে। সময় আবেদনের প্রেক্ষিতে ১৪ অক্টোবর বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ রুহুল আমিন অভিযোগ গঠনের তারিখ পিছিয়ে ১৪ জানুয়ারি ধার্য করেছেন। রাজনৈতিক কর্মসূচি থাকায় মির্জা ফখরুল বুধবার আদালতে হাজির হতে পারেননি। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৩৫ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ তার সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ওই দিন ধার্য করেন।
গত বছরের ২ মার্চ মিছিলে যাওয়ার পথে বেইলি রোডের সোনালী ব্যাংক ও ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের এক হাজারেরও বেশি নেতাকর্মী মানুষ ও পুলিশ হত্যার উদ্দেশ্যে অস্ত্র-শস্ত্র, ইট-পাটকেল, লাঠি, লোহার রড নিয়ে রাস্তায় চলাচলরত যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় রমনা থানার উপ-পরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, আব্দুল্লাহ আল নোমান, মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল ইসলাম নীরব, হাবিব-উন নবী খান সোহেল, বরকত উল্লাহ বুলুসহ ৪১ জনকে আসামী করা হয়।




