কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিল বাবা। ১৪ অক্টোবর মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাস্কর দেবনাথ বাপ্পির পরিচালনায় ভ্রাম্যমান আদালত তাকে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জানা যায়, উপজেলার মুনশুরপুর গ্রামের মো. আরিফ হোসেনের ছেলে মো. আশিক (১৯) দীর্ঘ দিন যাবৎ মাদকাসক্ত হয়ে তার পরিবারের সদস্যদেরকে মারধর করে এবং সমাজে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছিল। তার অত্যাচারে অতিষ্ট হয়ে বাবা ছেলেকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে ভ্রাম্যমান আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন।




