স্টাফ রিপোর্টার : শেরপুরের নকলায় বারি চীনা বাদাম-৮ চাষের একটি প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার উপজেলার দক্ষিণ নারায়নখোলা গ্রামে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। চীনা বাদামের জাত উন্নয়ন, বীজ উৎপাদন এবং শস্য সংগ্রহোত্তর প্রযুক্তি উদ্ভাবন কর্মসূচীর আওতায় জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ওই মাঠ দিবসের আয়োজন করে।

ওইসময় প্রদর্শনী প্লটের পাশে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহাদত হোসেন। স্থানীয় ইউপি মেম্বার গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নারায়ন চন্দ্র বসাক, জাতটির উদ্ভাবক ড. মঞ্জুরুল কাদের, প্রদর্শনী চাষী দেলায়ার হোসেন প্রমুখ। সমাবেশে এলাকার ৬০ জন বাদাম চাষী উপস্থিত ছিলেন।
ওই প্রদর্শনী প্লটের ৭৫ শতাংশ জমিতে আবাদ করা বারি চীনা বাদাম-৮ গাছ ক্ষেত থেকে তুলে শুকনা অবস্থায় বিঘাপ্রতি ১৫ মণ ফলন পাওয়া যায়। যা দেশী জাতের বাদামের তুলনায় প্রায় ৩/৪ গুন বেশী ফলন হয়েছে বলে কৃষক ও কৃষি বিশেষজ্ঞরা উল্লেখ করেন।




