শ্যামলবাংলা ডেস্ক : অবশেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করা হয়েছে। ১২ অক্টোবর রবিবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির স্বাক্ষর শেষে প্রজ্ঞাপন জারি বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা। তিনি জানান, এ প্রজ্ঞাপনের মধ্য দিয়ে আব্দুল লতিফ সিদ্দিকীর নিয়োগের অবসান হয়েছে।
আরও আগেই লতিফ সিদ্দিকীকে মন্ত্রিপরিষদ থেকে অপসারণের সিদ্ধান্ত হলেও রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ সচিব হজে থাকায় তা সম্ভব হয়নি। হজ পালন শেষে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দানসংক্রান্ত ফাইলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়েই লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্বের অবসান ঘটলো। লতিফ সিদ্দিকীকে অপসারণে সংবিধানের ৫৮(২) ধারা অনুসরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে সেখানকার টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত, প্রধানমন্ত্রিপুত্র সজীব ওয়াজেদ জয়, প্রবাসী বাংলাদেশি ও সাংবাদিকদের বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন।
এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যকে কেন্দ্র করে দেশের ভেতরে ও প্রবাসীদের মাঝে তীব্র প্রতিবাদ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরে সিলেটে যাত্রাবিরতিতে বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের কাছে প্রধানমন্ত্রী বলেন, তাকে (লতিফ সিদ্দিকী) সরকার ও দল থেকে বহিষ্কার করা হবে।

যা বলেছিলেন লতিফ সিদ্দিকী :
গত ২৮ সেপ্টেম্বর বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময়কালে লতিফ সিদ্দিকী বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।’
তিনি বলেন, ‘আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের।’
হজ প্রসঙ্গে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, ‘হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।’ এ সময় তাবলীগ জামাতের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তাবলিগ জামায়াত প্রতিবছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’
প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়েও সমালোচনাও করেন মন্ত্রী। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কথায় কথায় আপনারা জয়কে টানেন কেন। ‘জয় ভাই’ কে? জয় বাংলাদেশ সরকারের কেউ নয়। তিনি কোনো সিদ্ধান্ত নেয়ারও কেউ নন’।




