ads

শনিবার , ১১ অক্টোবর ২০১৪ | ১৫ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইদহের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ এক বছর তালাবদ্ধ : বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
অক্টোবর ১১, ২০১৪ ৯:২৯ অপরাহ্ণ
ঝিনাইদহের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষ এক বছর তালাবদ্ধ : বিপাকে শিক্ষক শিক্ষার্থীরা

শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ এক বছর। অফিস সহকারীর কক্ষটিও রয়েছে তার মধ্যে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বসছেন সহকারী শিক্ষকদের কক্ষে, আর অফিস সহকারী কাজ করছেন যখন যে টেবিল ফাঁকা পাচ্ছেন সেই টেবিলে বসে। ফলে প্রয়োজনীয় কাগজপত্র না পেয়ে জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি পাঁচজন শিক্ষার্থী।

Shamol Bangla Ads

খোঁজ নিয়ে জানা গেছে, অনিয়ম আর দূর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত হবার পর নিজ কক্ষে তালা ঝুলিয়ে চলে যান ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল। এরপর তিনি কক্ষের চাবি ফেরত দেননি। চাবি চেয়ে চিঠি দিলেও তিনি সেই চিঠি গ্রহণ না করে বিদ্যালয়ের চাবি নিজের কাছে রেখে দিয়েছেন। শিক্ষকরা অভিযোগ করেন প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ থাকায় বিদ্যালয় পরিচালনা করতে তাদের নানা সমস্যা হচ্ছে। ইতোমধ্যে টেবুলেশন সীট বের করতে না পেরে ৫ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাদের পরবর্তীতে আবার সপ্তম শ্রেণীতে ভর্তি হতে হয়েছে। এছাড়া অনেক শিক্ষার্থী তাদের এসএসসি সনদপত্র নিতে বিদ্যালয়ে আসছেন। যাদের সনদ তারা দিতে পারছেন না। বিদ্যালয় পরিচালনার স্বার্থে তারা কিছু কাগজপত্র নতুন করে তৈরী করে নিয়েছেন। তা দিয়েই চলছে প্রতিষ্ঠানটি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে বড় বড় দুইটি তালা ঝুলছে। সাথেই রয়েছে অফিস সহকারীর কক্ষ। সেই কক্ষটিও তালাবদ্ধ রয়েছে। এই কক্ষ দুইটির পশ্চিম পাশে রয়েছে শিক্ষকদের কক্ষ। সেখানে কথা হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজিৎ সরকারের সাথে। তিনি জানান, ২০১১ সালের প্রথম দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে কিছু অনিয়ম ও দূর্নীতির নানা অভিযোগ উঠে। সে সময়ে শিক্ষকদের মাঝে এই নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি পরিস্থিতি সামাল দিতে ২০১১ সালের ২৫ জুলাই এক সভা করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। যার প্রধান করা হয় ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইফুদ্দিন আহম্মদকে। তারা তদন্ত শেষে ৪ লাখ ৪৫ হাজার ৯৬১ টাকার দূর্নীতি করা হয়েছে মর্মে একটি প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদন নিয়ে চলে নানা তদ্বীর। অবশেষে বিদ্যালয় পরিচালনা কমিটি ২০১৩ সালের ২৫ সেপ্টম্বর এক সভা করে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। এই সিদ্ধান্ত নেওয়ার পর প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল গোপনে কিছু কাগজপত্র নিজের কাছে নিয়ে বাকি সব অফিস কক্ষে রেখে তালা লাগিয়ে চাবি নিয়ে বাড়ি চলে যান। এরপর তিনি অফিস চলাকালীন সময়ে আর বিদ্যালয়ে যাননি। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তারা মাঝে মধ্যে শুনতে পান রাতে গোপনে কক্ষ খুলে তিনি প্রয়োজনীয় কাগজপত্র বের করে বাড়িতে নিয়ে যান।
বিদ্যালয়ের একাধিক শিক্ষক নাম প্রকাশ না করে জানান, সাময়িক বরখাস্ত হবার পর প্রধান শিক্ষক বিদ্যালয়ে না গেলেও স্বপদে ফিরে যেতে নানা জায়গায় ছুটতে থাকেন। এক পর্যায়ে তিনি স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম এর কাছে পূণরায় তদন্তের জন্য একটি আবেদন করেন। পূর্বের তদন্তের সময় আয়-ব্যয়ের কিছু কাগজপত্র তিনি দেখাতে ব্যর্থ হয়েছিলেন বলে উল্লেখ করেন। যা তিনি এখন দেখাতে চান। সাংসদের সুপারিশে বিদ্যালয়ের বাইরের কিছু সিনিয়র শিক্ষককে দিয়ে আবারো তদন্ত করা হয়। চলতি বছরের ১৯ জানুয়ারী বিদ্যালয় পরিচালনা কমিটি আরেকটি সভা করে চার সদস্য বিশিষ্ট নতুন তদন্ত কমিটি করেন। সেই কমিটির প্রধান চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ আলী স্বাক্ষরিত রিপোর্টে উল্লে¬খ করা হয়েছে, ৩ লাখ ১৬ হাজার ৩৩৬ টাকার অনিয়ম ও দূর্নীতি হয়েছে। এই টাকা বিদ্যালয় তহবিলে ফেরতযোগ্য। কিন্তু প্রধান শিক্ষক আজো তদন্ত কমিটির রির্পোট বাস্তবায়ন করেননি। তিনি জোর করেই স্বপদে ফিরে আসতে চান। আর যতদিন সেটা পারবেন না তিনি কক্ষ খুলে দেবেন না বলে জানান।
শিক্ষকরা আরো জানান, বিদ্যালয়ের প্রধানের কক্ষের সাধারণত সকল কাগজপত্র থাকে। এই কাগজপত্রের কারনে তাদের প্রতিষ্ঠান চালাতে খুবই কষ্ট করতে হচ্ছে। গত বছর একটি বিষয়ে ফেল করা ৫ শিক্ষার্থীর টেবুলেশন সীট বের করতে না পারায় তারা পরীক্ষা দিতে পারেনি। তারা আবার সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছে। এই ক্ষোভে পলি খাতুন নামের এক শিক্ষার্থী স্কুল ছেড়ে চলে গেছে। এছাড়াও তাদের পদে পদে সমস্যায় পড়তে হচ্ছে।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সেই সময়ের সভাপতি শহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তারা থানায় জিডি করেছেন। তার কাছে একাধিকবার চাবি চেয়ে চিঠি দেওয়া হলেও তিনি কোনো চিঠি গ্রহন করেননি। বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন। কিন্তু কোনো সমাধান হয়নি। আর বর্তমান সভাপতি শেখ মোহতাশামুল হক ওরফে মারুফ হোসেন জানান, তিনি নতুন করে দায়িত্ব নিয়েছেন। আশা করছেন সমস্যার সমাধানের। এ ব্যাপারে সকলের সহযোগিতা আশা করেন। সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের সাথে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন ০১৭১৮-৮৬০৪২৯ নম্বরে ফোন করলে তিনি ধরার পর কেটে দেন। তিনি কোন সাংবাদিকের সাথে কথা বলতে চান না। আর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আরিফ সরকার জানান, তিনি অসহায়। রাজনৈতিক কারনে বিদ্যালয়টির এই অবস্থা। এতে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে।

ঝিনাইদহে উৎপাদিত হচ্ছে জিংক সমৃদ্ধ ধান : আশানুরুপ ফলন পাওয়ায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া

Shamol Bangla Ads

নতুন উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ধান পরীক্ষামূলকভাবে ঝিনাইদহে উৎপাদিত হচ্ছে। বিজ্ঞানীরা এ ধানের নাম দিয়েছেন ব্রি-৬২। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত এ ধানের আবাদ বাংলাদেশে এটাই প্রথম। ২০১৩ সালে বাণিজ্যিকভাবে নতুন জাতের এ ধানের চাষের অনুমতি দেয় জাতীয় বীজ বোর্ড। চলতি রোপা আমন মৌসুমে ঝিনাইদহের আবহাওয়ায় ধানের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। একশ দিনের এ ধান চাষে কৃষকরা ফলন পেয়েছেন বিঘাপ্রতি ৩১ মণ।
ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়ীয়া, ঘোড়শাল, কালা লক্ষ্মীপুর, আড়মুখ, কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া, তালিয়ান, দুলালমুন্দিয়া মাঠসহ আশেপাশের এলাকার আড়াইশ জন চাষী এবার পরীক্ষামূলকভাবে জিংক সমৃদ্ধ ধান আবাদ করেছে। এ ধান আবাদে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটি (আস) ও হারভেস্ট প্লাস বাংলাদেশ। গবেষকদের দাবি, জিংক সমৃদ্ধ ধান মানুষের বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধের পাশাপাশি মেধা ও শারীরিক বিকাশের বিশেষ ভুমিকা রাখবে। তাই পর্যায়ক্রমে দেশের মাটি ও আবহাওয়ায় সহিষ্ণু উচ্চ ফলনশীল অন্যান্য ধানেও জিংক সংযুক্তির মাধ্যমে সকল ধানকেই জিংক সমৃদ্ধ করা যাবে। জিংক সমৃদ্ধ ধান আবাদে প্রযুক্তিদানকারী প্রতিষ্ঠান এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটির (আস) নির্বাহী পরিচালক হারুন অর রশীদ জানান, চলতি রোপা আমন মৌসুমে জেলার আড়াইশ কৃষককে বীজ ও প্রযুক্তি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, জিংক সমৃদ্ধ ধানের উপকারিতা সম্পর্কে জানানোর পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
এ জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের (ব্রি) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন জানান, মানবদেহে জিংকের অভাব পূরণ করতে এই ধানে জিংকের মাত্রা বাড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, এই ধানে অন্য ধানের চেয়ে দ্বিগুণ পরিমাণ জিংক রয়েছে। এই ধানের ভাত খেলে মেধা বিকাশের পাশাপাশি শারীরিক বৃদ্ধি ঘটবে। ড. আলমগীর বলেন, সাধারণ ধানে ৯ থেকে ১২ মিলিগ্রাম জিংক থাকলেও এ জাতের (জিংক সমৃদ্ধ) ধানে জিংক রয়েছে ২৪ মিলিগ্রাম। এ ধানের উদ্ভাবনকারী আরেক বিজ্ঞানী হারভেস্ট প্লাস বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার ড. মো. খায়রুল বাসার বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশেই প্রথম জিংক সমৃদ্ধ ধান উৎপাদন করা হয়েছে। এটিই প্রথম উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ জাত।
এবিষয়ে শুক্রবার ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের নারিকেলবাড়ীয়া জেডএ মাধ্যমিক বিদ্যালয় মাঠে কৃষকদের নিয়ে এক মাঠ দিবসে এই ধানের চাষপদ্ধতি, বীজ উৎপাদন ও সংরক্ষণ কৌশল, গুণাগুণ এবং ফলন সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল আজিজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। অন্যান্যের মধ্যে ঘোড়শাল ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, প্রাক্তন কৃষি কর্মকর্তা এবিএম ফজলুর রহমান, এগ্রিকালচারাল এডভাইজরী সোসাইটির (আস) নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম ও কৃষক মোহাম্মদ আলী। এতে এলাকার সহ¯্রাধিক কৃষাণ-কৃষাণী অংশ নেন। ইউনিসেফের বরাত দিয়ে প্রশিক্ষণ কর্মশালায় জানানো হয়, দেশের ৫৭ ভাগ অপ্রসূতি ও কুমারী জিংকের ঘাটতিতে ভুগছেন। ৪৫ ভাগ শিশুর জিংকের অভাবে মেধা ও শারীরিক বিকাশ বাঁধাগ্রস্থ হয়। যা জিংক সমৃদ্ধ ধানের ভাত খাওয়ার মাধ্যমে পূরণ করা সম্ভব। এছাড়া এ ধানে রয়েছে সর্বোচ্চ নয় ভাগ প্রোটিন।
কৃষি কর্মকর্তারা জানান, ব্রি-৬২ কোনো হাইব্রিড ধান নয়। দেশী ধানের সঙ্গে পরাগায়নের মাধ্যমে এই জাত উদ্ভাবন করা হয়েছে। ঝিনাইদহ জেলায় এ বছরই প্রথম ১০০ একর জমিতে এই বিশেষ জাতের ধান চাষ হচ্ছে। এই ধান চাষে হেক্টর প্রতি প্রায় পাঁচ টন চাল উৎপাদিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।
ধান চাষী মোহাম্মদ আলী, কুদ্দুস মোল্লা, শমসের আলী এবং ওমর আলী জানান, অন্যান্য ধানের মতোই জিংক সমৃদ্ধ ধানের চাষাবাদ খরচ একই। তবে উৎপাদন সময় কম লাগায় চাষিরা এ ধান আবাদ করে খুশি। তাদের মতে, অন্য জাতের ধান উৎপাদনে ১২০ থেকে ১৬০ দিন লাগলেও জিংক সমৃদ্ধ ব্রি-৬২ জাতের ধান উৎপাদনে সময় লাগে ১০০ দিন। আর বিঘাপ্রতি ফলন ৩১ মণ। চাষিরা জিংক সমৃদ্ধ ধান আবাদ সম্পর্কে জেনে অনেকেই এ ধান আবাদে আগ্রহী হচ্ছেন।

শৈলকুপায় সংঘর্ষের তিনদিন পর আহত এক ব্যক্তির মৃত্যু
মৃত্যুর খবরে ফের সংঘর্ষে শতাধিক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষের তিনদিন পর আহত আরেকজনের মৃত্যুর খবরে শুক্রবার এলাকায় ফের সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা। শুক্রবার সকালে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মনসের বিশ্বাসের (৪৭)। মঙ্গলবার শৈলকুপার রতœাট ও আলফাপুর গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে তিনি সহ ৫০ জন আহত হয়েছিলেন। ওইদিনও সংঘর্ষে আলম সরদার নামে একজন নিহত হয়েছিলেন।
শৈলকুপা থানার এসআই মিজানুর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া ইউনিয়নের রতœাট ও আলফাপুর গ্রামে দুদলের সংঘর্ষে মনসের বিশ্বাস গুরুতর আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এসআই মিজান জানান, মনসেরের মৃত্যুর সংবাদ গ্রামে পৌঁছুলে রতœাট, বগুড়া ও আলফাপুর গ্রামে ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর বগুড়া গ্রামের মোহাম্মদ আলী, আবদুল হাই কারিগর, হাসান আলী, আকরাম হোসেন, সালাউদ্দীন বিশ্বাস, মান্নান বিশ্বাস, হবিবার মেম্বর, জব্বার মিয়া, মজিদ মিয়া, বিল্লাল মিয়া সহ শতাধিক ব্যক্তির বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে এক মহিলার শ্লীলতাহানি সহ পাঁচজন আহত হন। সংঘর্ষের সময় রতœাট গ্রামের হাসমত মেম্বরের বাড়িতে ৫০ মণ পাটে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে শৈলকুপা থানা থেকে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকায় তিনটি গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত দফায় দফায় দুদল গ্রামবাসির সংঘর্ষ চলে। এতে রতœাট গ্রামের আলম সরদার আহত হয়ে মাগুরা সদর হাসপাতালে মারা যান। এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা হয়েছে।

ঝিনাইদহে আবাসিক হোটেল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জে রহমানিয়া আবাসিক হোটেল থেকে ইলিয়াস (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের রহমানিয়া আবাসিক হোটেলের ২৫নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট, ৯১৬ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে। নিহত ইলিয়াস পাবনা জেলার বেড়া উপজেলার সীমান্ত গ্রামের আব্দুল গফুরের ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
রহমানিয়া আবাসিক হোটেলের ম্যানেজার শুকুমার কু-ু জানান, ব্যবসায়িক কাজে গত বুধবার বিকেলে তিনি হোটেলে ওঠেন। বুধবার তিনি ব্যবসার কাজে বাইরে যান। কিন্তু বৃহস্পতিবার সকালে হোটেলের কক্ষ বন্ধ দেখে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে রুমের দরজা ভেঙে ওই যুবককে ফ্যানের সঙ্গে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। তাতে লেখা আছে আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ইউনুস আলী জানান, পুলিশ খবর পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে। এ সময় তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও আমার আত্মহত্যার জন্য কেউ দায়ী নয়; লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads