রাজশাহী প্রতিনিধি : প্রথম কর্মদিবস শুরু হলেও রাজশাহীর অফিস পাড়ায় ঈদের আমেজ কাটেনি পবিত্র ঈদুল-আজহার ছুটির পর রাজশাহী শহর এখনও ফাঁকা। ঈদের তিনদিনের সঙ্গে সাপ্তাহিক আরও দুইদিন মিলিয়ে পাঁচদিনের একটানা ছুটি শেষে বুধবার অফিস-আদালত খুলেছে। রাজশাহী নগর ভবন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়, খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর, রেল ভবন, পানি উন্নয়ন বোর্ড, রেশম বোর্ড, রাজশাহী উন্নয়ন ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশ কমিশনার কার্যালয়, সড়ক ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যালয়ে দেখা গেছে অভিন্ন চিত্র।রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, নির্ধারিত ছুটি শেষ। তবে অনেকেই ঐচ্ছিক ছুটি নিয়ে বাড়ি গেছেন। এজন্য অফিসে উপস্থিতি একেবারে কম। আবার ছুটি শেষে নানা কারণে অনেকই বাড়ি থেকে ফিরতে না পারায় কর্মস্থল জমে উঠেনি।সব মিলিয়ে আগামী রোববারের আগে অফিসপাড়ায় কর্মচাঞ্চল্য ফিরে আসবে না বলে মন্তব্য করেন তিনি।চিরচেনা প্রাণচাঞ্চল্য এখনও অনুপস্থিত। লোকজন কম থাকায় প্রথমদিনে কাজকর্মও চলছে ঢিলেঢালা। ছুটি শেষে যারা অফিসে গিয়েছেন তাদের সময় কাটছে কোলাকুলি, ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেই। সবাই নিজ নিজ কর্মস্থলে যোগ না দেওয়ায় অফিস পাড়া জমেনি।রাজশাহী জেলা প্রশাসন ছাড়াও, রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে অনেক কম লক্ষ্য করা গেছে। মহানগরীর প্রধান প্রধান সড়কগুলোতেও নামমাত্র যানবাহন চলাচল করছে।তবে ঈদের দিন থেকে প্রতিদিন বিকেল হলেই শিশু-কিশোর ও তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের মানুষের ঢল নামছে বিনোদন কেন্দ্রগুলোতে




