শ্যামলবাংলা ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে চিন্তা ও কর্মে প্রতিফলিত করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে দেওয়া এক বাণীতে তিনি ওই আহ্বান জানান।
পরমত সহিষ্ণুতা, সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থানসহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ জন্য প্রয়োজন ‘জাতিতে-জাতিতে ধৈর্য, সহনশীলতা, সহমর্মিতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। আর ঈদুল আজহার মর্মবাণী আমাদের সেই শিক্ষাই দেয়।’
আব্দুল হামিদ বলেন, ত্যাগের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করতে হবে। পবিত্র ঈদুল আজহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি দেশবাসীসহ বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্য ও ভালোবাসার এক অনুপম নিদর্শন।
ঈদুল আজহা সবার জন্য আনন্দপূর্ণ ও কল্যাণকর হোক-তা কামনা করে রাষ্ট্রপতি সবাইকে ঈদ মোবারক জানান।




