মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও ৩ জনের মৃত্যু হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ওই ঘটনায় দগ্ধ ৫ জনকে ঢাকায় আনা হয়েছিল। তাদের মধ্যে ৩ জন মঙ্গলবার সকালে মারা যান। এরা হচ্ছেন বিআরটিসির বাস চালক নূর ইসলাম লেবু (৩৫), অটোরিকশা চালক শামীম উদ্দিন পাখি (৩৫) ও ফিলিং স্টেশনের কর্মী দেলোয়ার হোসেন (৪২)। ২৮ সেপ্টেম্বর সোমবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হলো।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনের কম্প্রেসর কক্ষে বিস্ফোরণ ঘটে এবং ওই কক্ষের ছাদ উড়ে গিয়ে আগুন ধরে যায়। এতে ওই স্টেশনের কর্মচারী হেলাল উদ্দিন (৪৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পথচারী, গ্যাস নিতে আসা গাড়ির চালক ও সহকারী এবং ওই সিএনজি স্টেশনের কর্মচারীসহ অন্তত ১০ জন ওই বিস্ফোরনে দগ্ধ হন, যাদের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।




