রাজশাহী প্রতিনিধি : গোয়েন্দা সংস্থা ডিজিএফআই সদস্যস্যের ছেলেকে অপহরণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ রোববার দুপুরে নগরীর বিসিক শিল্প এলাকায় থেকে ওই দুই যুবককে আটক করে।

আটককৃতরা হলেন, নগরীর জিন্নানগর এলাকার আব্দুর রহমানের ছেলে আরিফুল ইসলাম আরিফ (২৪) এবং একই এলাকার মোকাদ্দেস আলীর ছেলে সেন্টু খান রিপন (২৬)।
ওই দুই যুবক রাজশাহীতে কর্মরত ডিজিএফআই’র সার্জেন্ট আব্দুর রশিদের ছেলে আসিফ ইকবাল স্মরণকে (১৬) অপহরণের চেষ্টা চালায়। স্মরণ রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজেরে একাদশ শ্রেণির ছাত্র।
বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল জানান, বেলা ১২টার দিকে মহানগরীর উপশহর এলাকার বাসা থেকে কলেজের উদ্দেশ্যে সাইকেল নিয়ে বের হয় স্মরণ। নগরীর বিসিক মোড় এলাকায় পৌঁছালে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য তার পথরোধ করে।
এসময় অপহরণকারীরা তাকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নেয়ার চেষ্টা করে। এসময় ওই এলাকা দিয়ে যাওয়ার সময় পুলিশের একটি টহল দল ঘটনাটি টের পায়। পরে স্থানীয়দের সহায়তায় অপহরণ চেষ্টার অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) এসএম আব্দুস সোবহান জানান, আটককৃতদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় উদ্ধারকৃত কলেজছাত্র স্মরণের বাবা সার্জেন্ট আব্দুর রশিদ মামলা দায়ের করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।




