নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারী এডুকেশন কোয়ালিটি অ্যাক্সেস এনহ্যান্স্মেন্ট প্রোজেক্ট (সেকায়েপ) এর অধিনে ৩টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে উদ্দিপনা পুরষ্কার দেয়া হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধানের হাতে পুরষ্কারের চেক তুলে দেয়া হয়।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ জানান, তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিগত ৩ বছরের মাধ্যমিক পরীক্ষার গড় ফলাফলের উপর ভিত্তি করে সেরা প্রতিষ্ঠানদের উক্ত পুরষ্কার দেয়া হয়। বালক বিদ্যালয় ক্যাটাগরিতে কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয় ক্যাটাগরিতে কালিয়া পি.এস. বালিকা বিদ্যালয় এবং মাদ্রাসা ক্যাটাগরিতে রামপুর রসুলপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষকদের হাতে ১ লক্ষ টাকার চেক তুলে দেয় হয়।

কালিয়ায় বৃক্ষমেলা উপলক্ষে সেমিনার

নড়াইলের কালিয়ায় ৪ দিন ব্যাপী বৃক্ষমেলার ৩য় দিন সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষির উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা এস.এম. খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি ও আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ এস. এম. ফেরদৌস। এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, যুব উন্নয়ন অফিসার মোঃ আমিনুর রহমান, সমবায় অফিসার মোঃ গোলাম রসুল, মৎস অফিসার কাজী শামসুর রহমান, নড়াগাতী থানা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি খাঁন জুলফিকার আলী প্রমুখ। সেমিনারটি উপস্থাপনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সমরেণ বিশ্বাস। “ফলদ বৃক্ষের গুরুত্ব ও পরিচর্যা” শীর্ষক সেমিনারে কৃষি উপকরণ বিক্রেতা, কৃষকসহ সংশ্লিষ্টদের প্রায় ৭০ জন উপস্থিত ছিলেন। এবারের বৃক্ষমেলার শ্লোগান ‘দেশী ফলে অনেক গুণ, নেইকো জুড়ি তার। স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’। ৪দিন ব্যাপী উক্ত বৃক্ষমেলা আজ বিকাল ৪টায় সমাপণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে।




