ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় দূর্গাউৎসবের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে এখন উৎসবের আমেজ। সাজ সাজ রব পড়ে গেছে প্রতিটি পূজা মন্ডপে। সীমান্তবর্তী এ উপজেলায় ১৬ হাজার সনাতন ধর্মাবলম্বীর বাস। ৩০ সেপ্টেম্বর থেকে এখানে দূর্গাউৎসব শুরু হবে। চলতি বছর এ উপজেলায় ১৪টি মন্ডপে দুর্গাউৎসব উদযাপিত হবে। দূর্গাউৎসবের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিমা তৈরীর কারিগরসহ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ব্যস্ততা ততই বৃদ্ধি পাচ্ছে। কেনাকাটাসহ ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সেন গুপ্ত বলেন, প্রতিমা তৈরীর কাজ শেষ। ২/১ দিনের মধ্যেই রং তুলির কাজ শেষ হবে। পূজা উদযাপন উপলক্ষে প্রতিটি মন্ডপে সরকারী অনুদান প্রদান করা হয়েছে। নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা।




