শ্যামলবাংলা ডেস্ক : নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী। প্রতিবারের মতো এবারো জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী পালনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। সকালে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ ছাড়াও বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত জাতীয় কবির সমাধীতে শ্রদ্ধা জানাতে আসেন পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সর্বস্তরের মানুষ। বিনম্র শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠে কবির অন্তিম শয্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয়, কবির পরিবার, সংস্কৃতি মন্ত্রণালয়, বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক এবং শ্রেণীপেশার সংগঠনের পক্ষ থেকে কবির কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্রোহী কবির মাজারে প্রথম শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এরপর শ্রদ্ধা জানান কবি পরিবার। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পক্ষে মন্ত্রী আসাদুজ্জামান নূর শ্রদ্ধাজ্ঞাপন করেন। বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জ ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
রবিবার ও সোমবার দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ছায়ানট। রাজধানীর ধানমন্ডিস্থ ছায়ানট মিলনায়তনে প্রথম দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই আয়োজনে সম্মিলিত ও একক গানের পাশাপাশি থাকছে নৃত্য, পাঠ ও আবৃত্তি। অংশগ্রহণ করবেন ছায়ানটের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও ঢাকাসহ দেশের নানা অঞ্চলের নবীন-প্রবীণ শিল্পীরা। ছায়ানটের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হবে সোমবার সন্ধ্যা ৭টায়। নজরুলজয়ন্তী উপলক্ষে রবিবার আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে শিল্পকলা একাডেমি। একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে সন্ধ্যায় শুরু হবে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
জাতীয় পর্যায়ে নজরুলজয়ন্তী উদযাপনে ময়মনসিংহের ত্রিশালে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে নজরুলের স্মৃতিধন্য দরিরামপুরে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করবে সংস্কৃতি মন্ত্রণালয়। অপরদিকে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে নজরুল ইনস্টিটিউট। নজরুল একাডেমির পক্ষ থেকেও জন্মদিন উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বাইরেও থাকছে নজরুলকে নিয়ে বর্ণাঢ্য আয়োজন। সারাদেশের অজস্র সাংস্কৃতিক সংগঠন জাতীয় কবিকে শ্রদ্ধা-ভালবাসায় স্মরণ করবে। দ্রোহ, প্রেম ও সাম্যের কবিকে অঞ্জলি জানাবে অগণিত ভক্ত। সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি টেলিভিশনপর্দায়ও রয়েছে বর্ণাঢ্য নজরুল আয়োজন। থাকছে নাটক, টেলিছবি, চলচ্চিত্র, সংগীত পরিবেশনাসহ বিশেষ অনুষ্ঠানমালা।




