নকলা (শেরপুর) প্রতিনিধিঃ দেশের ৪শ ৮৩ উপজেলার নির্বাচন ৬টি ধাপে সম্পন্ন হলেও নকলাসহ ৪টি উপজেলা মেয়াদ উত্তীর্ণের কারণে বাকী ছিল। ২১ মে বুধবার তফসিল ঘোষণার খবর শুনে স্থানীয় ভোটাররা আলোচনায় মেতে উঠেছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২৬ জুন নকলা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মে, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩১ মে এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৮ জুন।

নকলা আওয়ামীলীগ থেকে সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য শাহ মোঃ বোরহান উদ্দিন, থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন খান মুকুল, বিএনপি’র সহোদর দু’ই ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী মনি, জেলা বিএনপি’র পল্লী উন্নয়ন শ্রম বিষয়ক সম্পাদক মোবাশ্বের আলী চৌধুরী টুটন, বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জাহিদ হোসেন বাদশা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সারোয়ার আলম তালুকদার, প্রভাষক কামরুজ্জামান গেন্দু, বেলায়েত আকন্দ, বিএনপি’র লিঙ্কন, জহিরুল হক কেশু, রোবায়েত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি’র দেওয়ান কহিনুর, আয়শা খাতুন, লতিফা উষা, আওয়ামীলীগের খালেদা, উম্মে কুলছুম রেনু প্রার্থী হচ্ছেন বলে মাঠে শোনা যাচ্ছে।




