রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতাকে হুমকি দেয়ায় শহীদ শামসুজ্জোহা আবাসিক হলে গভীর রাতে তল্লাশি চালিয়েছে মতিহার থানা পুলিশ। শিবিরকর্মীদের ধরতে বুধবার রাত ২টার সময় এ তল্লাশি অভিযান চালানো হয় । তবে এ ঘটনার পর পুলিশ কাউকে আটক করতে পারিনি ।
এর আগে গত বছরের ডিসেম্বর হতে এ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলে দুইবার, সোহরাওয়ার্দী হলে দুইবার, আমির আলী হলের একবার, নবাব আব্দুল লতিফ হলে দুইবার এবং শাহ মখদুম হলে চারবার এমন নিস্ফল অভিযান চালায় পুলিশ। তবে বারবার এরকম ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কে শ্বাস রুদ্ধকর সময় পার করে। এমন তল্লাশির ঘটনায় পড়াশোনায়ও ব্যঘাত ঘটছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

হলের আবাসিক শিক্ষার্থীরা জানান, বুধবার রাত সাড়ে ১১ টার সময় শামসুজ্জোহা হলে রাবি শাখা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোবাশ্বির আহমেদ তামিমকে শিবিরকর্মীরা ধাওয়া করে। সে হলগেটে অবস্থানরত পুলিশ কর্মকর্তার কাছে নিজের নিরাপত্তা চায়। এ সংবাদের ভিত্তিতে মতিহার থানা পুলিশের একটি দল শিবির কর্মীদের ধরতে শামসুজ্জোহা হলে দুই ঘণ্টাব্যাপী তল্লাশি চালায়। এসময় পুলিশ শিক্ষার্থীদের সাথে ধমকের সুরে কথা বলে বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন । দীর্ঘ অভিযানের পর পুলিশ কাউকে আটক করতে পারেনি ।
রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, ‘শিবিরের কয়েকজন বহিরাগত ক্যাডার জড়ো হয়ে রাবি ছাত্রলীগের গত কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোবাশ্বির আহমেদ তামিমকে ধাওয়া দিয়েছে।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এক ছাত্রলীগ নেতাকে শিবিরকর্মীরা হুমকি দেয়ার পর বুধবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের একটি হলে তল্লাশি চালানো হয়। তবে এসময় কাউকে আটক বা কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, ‘হলের এক ছাত্রকে ধাওয়া দেয়া হয়েছে শুনে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ হলে তল্লাশি চালিয়েছে।’




