শ্যামলবাংলা স্পোর্টস : আগামী ৬ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টেলিভিশন সম্প্রচারস্বত্ব পেয়েছে গাজী টিভি। বাংলাদেশি এই টিভি চ্যানেলটিই দরপত্রে সবচেয়ে বেশি আর্থিক প্রস্তাব দিয়েছে। শুক্রবার বিসিবির সভা শেষে গাজী টিভির সম্প্রচারস্বত্ব পাওয়ার বিষয়টির আনুষ্ঠানিক ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এর আগে বিপণন কমিটির প্রধান কাজী ইনাম আহমেদ জানান, গাজী টিভি ২ কোটি ২৫ হাজার ডলার দর প্রস্তাব করেছে।
বিসিবি নতুন টেলিভিশন সম্প্রচারস্বত্ব বিক্রি করবে চলতি মে মাস থেকে ২০২০ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সময়ের জন্য। এই সময়ে দেশের মাটিতে বাংলাদেশের ৩১টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা।
এর আগে নিমবাসের সঙ্গে ৬ বছরের জন্য ৫ কোটি ৬৮ লাখ ডলারের চুক্তি করেছিল বিসিবি, যা থেকে প্রায় ৩ কোটি ৫০ লাখ ডলার পাওয়ার কথা বিসিবির। তবে বৃহস্পতিবার বোর্ড পরিচালকদের এক সভায় নতুন করে ছয় বছরের জন্য টেলিভিশন সম্প্রচারস্বত্বের ন্যূনতম মূল্য ২ কোটি ডলার ঠিক হয়।




