স্টাফ রিপোর্টার : নির্বাচিত হবার পর শেরপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রথমবার যোগদান করেই হোচট খেলেন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিএনপি নেতা একেএম মোখলেছুর রহমান রিপন। ১৫ মে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি ওই হোচট খান।
সভাসূত্র জানায়, ওই সভায় বক্তব্যদানকালে নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকায় স¤প্রতি ডিবি পুলিশের প্রতি মাদকসেবী ও ব্যবসায়ীদের হামলার ঘটনা উলেখ করে উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান রিপন বলেন, ‘ওই ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ এলাকাবাসীকে হয়রানী করছে এবং এলাকাবাসী বর্তমানে একাত্তরের যুদ্ধকালীন সময়ের চেয়েও চরম আতঙ্কে রয়েছেন।’ তার ওই বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করে নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী বলেন, ‘মাদকসেবীদের ঘটনার সাথে মহান মুক্তিযুদ্ধের ঘটনার তুলনা করা মোটেই সমীচিন নয়। এক্ষেত্রে দায়িত্বশীল উপজেলা চেয়ারম্যানকে আরও সতর্কতার সাথে কথা বলা উচিত।’ ওইসময় নিরুত্তর থাকেন সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান। নীরব থাকেন সভার প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পৌর মেয়র হুমায়ুন কবীর রুমান এবং উপস্থিত উপজেলা চেয়ারম্যানগণসহ অন্যান্য সদস্যবৃন্দ। তারা ওই নিরবতার মধ্য দিয়ে প্রকারান্তে উপজেলা চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদকেই সমর্থন করেন।




