মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুর উপজেলা বিএনপিতে ফিরে এসেছে স্বস্তি। দলটির তৃণমূল নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ-উল্লাস। জানা গেছে, এখানে দলের নেতাকর্মীদের মধ্যে চলে আসা দীর্ঘদিনের বিরোধ অবসানের জন্য নওগাঁ জেলা বিএনপির আহবায়ক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নুর নিকট থেকে সমন্বয়ের ঘোষণা আসার পর দলটিতে স্বস্তিভাব বিরাজ করছে। তৃণমূলের নেতাকর্মীরা আনন্দ-উল্লাস প্রকাশ করেছেন। দলটির স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, রবিউল আলম বুলেট ও সুলতান মামুনুর রশিদ জানান, গত ১৪ বছর যাবত রাজপথের বিএনপি সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর বাসভবন কেন্দ্রীক হয়ে পড়েছিল। ওই বাসভবনেই ১৪ বছর যাবত বিএনপির পকেট কমিটি গঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কর্তৃক শক্তিশালী বিএনপি গঠনের ঘোষণার পর জেলা বিএনপির আহবায়কের উদ্যোগে গত ৮ মে উপজেলা কমিউনিটি সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়া তৃণমূল পর্যায়ের সকলস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে ঘোষণা দেয়া হয় বিএনপিকে সুসংগঠিত করতে সকলকে নিয়ে সমন্বয়ের মাধ্যমে উপজেলা থেকে শুরু করে সকলস্তরে কমিটি গঠিত হবে। বর্তমান আহবায়কের নেতৃত্বে নওগাঁ জেলা বিএনপি তার হারানো গৌরব ফিরে পাবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।




