স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে আরো একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। ১ মে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বন্দর উপজেলার কলাগাছি ইউনিয়নের শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে অপহৃত ৬ জনের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ধারণা করছে, লাশটি কাউন্সিলর নজরুল ইসলামের গাড়ি চালক জাহাঙ্গীরের। এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বন্দর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, আগের দিন ৬ টি লাশ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছিল বৃহস্পতিবারও সেই একই স্থান থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। আগের ৬ টি লাশের মতো এই লাশটিরও হাত-পা বাঁধা ছিল। ইট বেঁধে লাশটি ডুবিয়ে দেওয়া হয়েছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার বিকেলে শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলাম, তার গাড়িতে থাকা তাজুল ইসলাম, মনিরুজ্জামান স্বপন ও লিটন, আইনজীবী চন্দন সরকার এবং তার গাড়িচালক ইব্রাহিম।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার সকাল থেকে নারায়ণগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।




