শ্যামলবাংলা ডেস্ক : আগামী জুন মাসে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১৮ এপ্রিল শুক্রবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম নিটোল নিলয় মোটর শোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওইকথা জানান। এসময় তিনি বলেন, আগামী জুন মাসে মূল সেতুর কার্যাদেশ দেওয়া হবে। সেতুর উভয় প্রান্তে সাড়ে ১৬ কোটি টাকার অ্যাপ্রোচ রোডসহ আনুষ্ঠানিক কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এর ৪০ ভাগ কাজ শেষ হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, সেদিন আর বেশি দূরে নয় যেদিন পদ্মা ব্রিজে বসে আকাশের চাঁদ উপভোগ করতে পারবে মানুষ। পদ্মা সেতু এখন আর সুদূর পরাহত কোনো স্বপ্ন নয়। পদ্মা সেতু এখন একটি দৃশ্যমান জিনিস। ওবায়দুল কাদের জানান, শিগগিরই ঢাকায় মেট্রো রেলের কাজ শুরু হবে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম চারলেনের কাজ আগামী ডিসেম্বর মাসে শেষ হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্সের সভাপতি শাজাহান খান, আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি আফতাব উল ইসলাম, নিটোল নিলয় মোটর গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ প্রমুখ।




