আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল পড়ুয়া এক ছাত্রীর অমতে বিয়ের আয়োজন করায় ওই ছাত্রীর বাবাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ওই ছাত্রীর বাড়িতে গফরগাঁও উপজেলা সহাকরী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই রায় দেন। এ সময় মেয়ের অমতে তাকে বিয়ে দেওয়া হবে না মর্মে লিখিত মুচলেকা আদায় করে বিয়েটি বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চর শাখচূড়া গ্রামের আবুল খায়ের তার স্কুল পড়ূয়া মেয়ে নাবিলা নাওয়ার মিমির(১৩) সাথে একই ইউনিয়নের খুরশিদ মহল গ্রামের মৃত আব্দুল অজিত মিয়ার বিদেশ ফেরত ছেলে সোহেল রানার(৩৫) সাথে বিয়ের আয়োজন করেন। বিয়ের তারিখ নির্ধারণ করা হয় আগামী ১০ এপ্রিল বৃহস্পতিবার। মিমি বিয়ের কথা জানতে পেরে তার সহপাঠি ও স্বজনদের পড়ালেখা শেষ না করে বিয়ে করবে না বলে জানায়। বিষয়টি এলাকাবাসীর মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী অবহিত করা হলে তিনি সহকারি কমিশনার(ভূমি) জিয়াউর রহমানকে বিয়ে বন্ধের নির্দেশ দেন। গতকাল মঙ্গলবার বিকালে সহকারি কমিশনার (ভূমি) জিয়াউর রহমান ওই ছাত্রীর বাড়িতে ভ্রাম্যমান আদালত বসিয়ে ছাত্রীর পিতা আবুল খায়েরকে ৫শ’ টাকা জরিমানা ও লিখিত মুচলেকা আদায় করে বিয়ে বন্ধের নির্দেশ দেন।




