তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ৫ এপ্রিল শনিবার সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায় প্রায় ১০ লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর টার্গেট রেখে জেলা পর্যায়ে সকাল ৯টায় এ কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান। আদর্শ সদরের দিদার সমিতি টিকা কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধনের সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আবদুর রউফ, ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ‘র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, আদর্শ সদরের ইউএনও মোঃ হেলাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম শাহজাহান। টিকা কেন্দ্রে সহযোগিতা করেন এএইচআই মোঃ মোস্তাফিজুর রহমান, এইচএ সোহেল রানা, স্বেচ্ছাসেবক- সুফিয়া বেগম, হান্নান, মুনমুন। টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের একলক্ষ ইউনিটের নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লক্ষ ইউনিটের লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খাওয়ানো হয় এবং শিশুদের মায়েদেরকে ৬মাস কেবল মাতৃদুগ্ধ এবং তারপর ২ বছর বয়স পর্যন্ত মাতৃদুগ্ধ এর পাশাপাশি ঘরে তৈরি খাবার পরিমিত পরিমাণে খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।




