বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশালের বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও আগরপুর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান কামরুল আহসান হিমু খানের পক্ষে জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনে’র সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাবুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন , গত উপজেলা পরিষদে উপজেলা বিএনপি থেকে মনোনীত প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান সুলতান আহাম্মেদ খান এবার উপজেলায় বিএনপির সমর্থন না পেয়েও দলীয় শৃংখলা ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মনোনয়নপত্র দাখিল একান্ত ব্যক্তিগত বিষয়। কিন্তু সুলতান আহাম্মেদ দলীয় প্রার্থী মনোনীত না হয়েও বিভিন্ন মহল ও নির্বাচনী এলাকাজুড়ে দলীয় মনোনয়ন তিনি পাচ্ছেন বলে বিভ্রান্তি ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন ছাড়াও সাধারণ ভোটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একক প্রার্থী মনোনীত করার নীতি বহির্ভূত। সংবাদ সম্মেলনে বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যানের এ ধরনের বিভ্রান্তি ও অপপ্রচার চালানোর বিষয়ে জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান আরো বলেন, উপজেলা বিএনপি থেকে বিচ্যুত সুলতান আহাম্মেদ খান তার নির্বাচনী ফলাফল আদায়ের লক্ষ্যে এ অভিনব পদ্ধতি ব্যবহার করছে। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইসরাত হোসেন কচি, সাবেক সাধারন সম্পাদক সামছুল আলম ফকির ,য্গ্নু সম্পাদক আঃ করিম হাওলাদার, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান খান, মনিরুজ্জামান মিল্টন , যুবদলের সভাপতি আওলাদ হোসেন, সাধারন সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা আরিফুর রহমান শিমুল, নাসির উদ্দিন খান, আমিনুল ইসলাম খান বুলবুল, মোস্তাফিজুর রহমান টুলু সহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।




