খোরশেদ আলম, ঝিনাইগাতী (শেরপুর) : টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদশা এবং একই উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকারকে কারাগারে পাঠানো হয়েছে। হাইকোর্টের অর্ন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় ১৩ জানুয়ারী সোমবার তারা নিæ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে শেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ উভয় পক্ষের শুনানী শেষে জামিন আবেদন নাকচ করে দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১-২০১২ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার কাংশা ইউনিয়নে ৬ টি প্রকল্পের অনুকলে বরাদ্দকৃত ১৫ মেট্রিকটন গমের সরকারী মূল্য প্রায় পৌণে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে গত বছরের ৩১ অক্টোবর ঝিনাইগাতী থানায় উপজেলা চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ১৭ নবেম্বর উভয়ে হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।




