শহিদুল ইসলাম হিরা, শেরপুর : শেরপুরের শ্রীবরদীর গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে নির্বাচন বিরোধীরা হামলা চালিয়ে ব্যালটবাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জামাদি পুড়িয়ে দিয়েছে। এছাড়া দিঘারপাড় সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়ে ভোট চলাকালে দুপুরে প্রায় দুই শতাধিক দূর্বৃত্ত ভোট কেন্দ্রে লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে। এসময় পুলিশ বাধা দিতে গেলে সহকারী প্রিজাইডিং অফিসার শফিকুল আলম ও পুলিশের এএসআই নূরে আলমসহ তিনজন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে সেনাবাহিনী তিন রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে দুইটি ভোট কেন্দ্রই স্থগিত করা হয়। এছাড়া শেরপুর শহরের বাগরাকসাস্থ শেরপুর উচ্চ বিদ্যালয়ে ভোট চলাকালে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে দুজন আহত হয়।
এদিকে, রবিবার সকাল ৮টার দিকে শেরপুরের শ্রীবরদী উপজেলার পোড়াগড় গ্রামের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেনের (৫০) দু’পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত শিবিরের কর্মীরা। শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া শ্রীবরদীর পোড়াগড় সরকারি প্রাথমিক বিদ্যাালয় কেন্দ্রে রবিবার ভোররাতে দূর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়েছে মুক্তি (৪০) ও মতিউর রহমান (৪৭) নামে দুই আনসার সদস্য। তাদেরকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানিয়েছেন।




