কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ভুল অপারেশনে রমা রানী কর্মকার নামে এক প্রসূতির মূত্যু হয়েছে। এঘটনায় বিক্ষুব্ধ জনতা অনুমোদন ও নিবন্ধন বিহীন মাহিমা ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আলারদর্গা বাজারে এঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, উপজেলার পিয়ারপুর ইউপির হলুদবাড়ীয়া গ্রামের লক্ষন কর্মকারের সন্তান সম্ভাবা স্ত্রী রমা রানী কর্মকার (২২) কে এক দালালের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ক্লিনিকে ভর্তি করে। এ সময় ক্লিনিকের লোকজন কোন পরীক্ষা নিরীক্ষা ছাড়ায় হাতুড়ে ডাক্তার দিয়ে সিজার অপরেশন মাধ্যমে একটি মেয়ে শিশুর জন্ম গ্রহন করানো হয়। কিন্তু অপরেশনের পর পরই প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরনে মুত্যু হলে হাতুড়ে ডাক্তার মৃত প্রসূতিকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়ে ক্লিনিকের লোকজনসহ সে ক্লিনিক বন্ধ করে পালিয়ে যায়। এখবর নিহতের পরিবারের মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা ওই অবৈধ ক্লিনিকে হামলা চালিয়ে ভাংচুর করে। তবে সদ্য জন্ম নেয়া শিশুটি বেঁচে রয়েছে।




