![]()
![]()
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার দায়ে আইনজীবিসহ তিন জনকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাত সাড়ে সাতটার দিকে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক এসএম জামাল আহম্মেদ এ রায় দেন।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, কুষ্টিয়া শহরের পুর্ব মজমপুর এলাকার মুসা মিয়ার ছেলে আইনজীবি মুস্তাফিজুর রহমান (৩০), মিরপুর উপজেলার রাজনগর গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে সাহাবুদ্দিন (২০) ও গোবিন্দপুর গ্রামের ফজলুল মিয়ার উজ্জল মিয়া (২০)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ১ জানুয়ারী বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ১০/১২ জন যুবক জেলা নির্বাচন সার্ভার কার্যালয়ে গিয়ে নির্বাচন কর্মকর্তার নাম-পরিচয় ও বাড়ির খবর জানতে চায়। একপর্যায়ে তারা সেখান থেকে দ্রুত চলে যায়। পরে সেখানে দায়িত্বরত আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা জেলা গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানায়। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মনির হোসেন অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। রাত সাতটার দিকে তাদের নির্বাচন কার্যালয়ের সামনে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
বিচারক এসএম জামাল আহম্মেদ বলেন, সরকারি কর্মকর্তাকে ভয়ভীতি প্রদর্শনের দায়ে দন্ডবিধির ১৮৯ ধারায় তিন যুবকের প্রত্যেককে এক বছর করে কারাদন্ড দেয়া হয়েছে। রাতেই তাদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।




