ইয়ানুর রহমান, যশোর : প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) ফলাফলে যশোরে শিক্ষার্থীরা শতভাগ পাশের গৌরব অর্জন করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫শ ৫৮ জন। আর ইবতেদায়ী সমাপনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ১শ ৭৬ জন। এ পরীক্ষায় জেলায় গড় পাশের হার ৯৯ দশমিক ৫৬।
সোমবার বেলা ১ টা ৩০ মিনিটে কালেক্টরেট সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে জেলার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে ফলপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান।
এবছর জেলার প্রাথমিককের ৪৫ হাজার ৬৭১ জন শিক্ষার্থীর সবাই পাশ করেছে। আর ইবতেদায়ী সমাপনীতে ৫ হাজার ৮৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫ হাজার ৮৬১ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ১৭৬ জন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক জানান, অব্যাহত হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষা গ্রহণ করা হলেও ফলাফলে তার প্রভাব পড়েনি। জেলার ফলাফলে সন্তোষ প্রকাশ করেন তিনি।




