শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিরোধী দলের ‘মার্চ ফর ডেমোক্রেসী’ কর্মসূচির আগে বাস-লঞ্চ-ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে সরকারই অবরোধ করছে। তবে যে কোনো মূল্যে রবিবার ১৮ দলের ‘ঢাকামুখী অভিযাত্রা’ কর্মসূচি করা হবে। তিনি ২৮ ডিসেম্বর শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
মাহবুব বলেন, সরকার ইতোমধ্যে দক্ষিণাঞ্চলের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। উত্তরাঞ্চল থেকে কোনো বাস আসতে দিচ্ছে না। সরকার এতদিন বলত, বিরোধী দল হরতাল-অবরোধ করে। আজ দেখছি, গণতন্ত্রের শান্তিপূর্ণ কর্মসূচি বন্ধ করতে তারা নিজেরাই অবরোধ ডেকেছে।
প্রতিবন্ধকতা তৈরি করা হলেও নয়া পল্টনে সমাবেশ হবে বলে ঘোষণা দেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মাহবুব। তিনি বলেন, সরকার ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিলেও হাজার হাজার নিরস্ত্র মানুষ ঢাকায় এসে গেছে। আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি করব। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেবেন না। আমরা বিশ্বাস করি, মাঠে অবস্থান করা দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের শান্তিপ্রিয় মানুষের ওপর হামলা চালাবেন না।
সংবাদ সম্মেলনে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের মহাসচিব শওকত মাহমুদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব সানাউল্লাহ মিয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ মিয়া আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের অধ্যাপক খলিলুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের জাকির হোসেন উপস্থিত ছিলেন।




