রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে শীতকালীন সবজির সমারোহ চলছে। কুড়িগ্রাম জেলায় সবজি চাষে অন্যতম রাজারহাট উপজেলায় রেকর্ড পরিমাণ সবজির চাষ হয়েছে। জানা যায়, উপজেলার ছিনাই ইউপি, রাজারহাট সদর, ঘড়িয়ালডাঙ্গা, বিদ্যানন্দ ইউপিতে আলু থেকে শুরু করে শীতকালীন সবজি দিয়ে ছেয়ে গেছে পুরো উপজেলা। হাট-বাজারগুলোতে চলছে সবজির ছড়া-ছড়ি, চাষীরা মনের আনন্দে সবজি চাষ করলেও দাম কম থাকায় হতাশা হয়ে পড়েছে। চাষীরা বলেন, প্রতি বছর রাজারহাটের সকল প্রকার সবজি ঢাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে এবং সবজি থেকে প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করে থাকে। কিন্তু এবারে রাজনৈতিক অস্থিরতা হরতাল-অবরোধের কারণে বাহিরের জেলায় সবজি সরবরাহ করতে না পারায় চাষীরা হতাশ হয়ে পড়েছে। এমনকি সবজি চাষে মুলধন উঠে আসবে কিনা তা নিয়ে সংকোচে দিন কাটাচ্ছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ষষ্টী চন্দ্র রায় বলেন, এবারে রাজারহাটে আলু চাষ হয়েছে ১৮ হাজার হেক্টর জমিতে, শিম ৫শ’ হেক্টর, পটল ৩শ’ হেক্টর, শশা ২শ’ হেক্টর ফুলকপি ও বাঁধা কপি ৭শ’ হেক্টর, বেগুন ১২শ’ হেক্টর, মুলা ২ হাজার হেক্টর, লাউ ১৬শ’ হেক্টর সরিষা ১২০ হেক্টর, গাজর ৪শ’ হেক্টর, পেঁপে ৭শ’ হেক্টর, ঢেরশ ২৫০ হেক্টর, টমেটো ৯শ’ হেক্টর, ভটভটি শিম ১৮শ’ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। যা গত দু’বছরের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।




