শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের চাওয়া মেনে নির্দলীয় সরকার গঠনের সুযোগ আর আসবে না বলে কানাডার হাইকমিশনারকে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি জানিয়েছেন, এই নির্বাচন হয়ে গেলে পরবর্তী নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা চালাতে সরকার রাজি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, নির্দলীয় সরকার আর কোনদিন হবে না। তিনি ২২ ডিসেম্বর রবিবার কানাডার হাইকমিশনার হিদার ক্রুডেনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওই কথা বলেনৈ।
দুই দলের বিরোধের ফলে সৃষ্ট সংঘাতে উদ্বিগ্ন কানাডার হাইকমিশনার অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, উনি এ নির্বাচনের বিষয়ে জানতে চেয়েছেন। আমি বলেছি, এটা তো নির্বাচন সে রকম না। বড় দল অংশ নিচ্ছে না। প্রধানমন্ত্রীও আগেই বলে দিয়েছেন, এটাতে পুরো ম্যান্ডেট পাওয়া যাবে না।
তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেত্রীর সর্বশেষ দাবি হিসেবে রয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবেন না তারা। তবে উনি যদি সংবিধান মেনে আসেন তাহলে ৫ জানুয়ারির পর সর্বদলীয় সরকার নিয়ে আলাপ-আলোচনা হতে পারে।
অর্থমন্ত্রীর সাথে বৈঠকের পর হিদার ক্রুডেন সাংবাদিকদের বলেন, দুর্ভাগ্য যে আওয়ামী লীগ ও বিএনপি সামনের এগিয়ে যাওয়ার বিষয়ে এখনও কোনও সমাধান বের করতে পারেনি।




