শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগের সম্মেলন হলেও হতে পারে, কিন্তু জাতীয় সংসদের নির্বাচন কখনও হতে পারে না। এই সত্য আজ দেশ-বিদেশে প্রতিষ্ঠিত। তিনি ৭ ডিসেম্বর শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওইসব কথা জানান।
অজ্ঞাতস্থানে থাকা সালাহউদ্দিন আহমেদ বিবৃতিতে বলেন, জনতার বিজয় সন্নিকটে। অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে সরকারের পতন ঘটাতে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনা আইন জারি করে আরেকবারের জন্য এই সংসদকে বিনা ভোটে নির্বাচিত হয়েছে বলে ঘোষণা দিতে পারেন। তাতে অন্তত: রাষ্ট্রীয় অর্থের অপচয় হবে না।
তিনি বিবৃতিতে দাবি করেন, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশে ১৮ দলের ২শ ১৭ জনের বেশি নেতা-কর্মী আহত, ১শ জনের বেশি গুলিবিদ্ধ, ৩শ ২৬ জনের বেশি নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।




