শ্যামলবাংলা ডেস্ক : বিরোধী দলের ডাকা অবরোধের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থানে অবরোধকারী, আওয়ামী লীগ ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষে ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে সাতক্ষীরায় ৩ জন, চাঁদপুরে ২ জন এবং ঢাকা, চট্টগ্রাম নগরী ও সীতাকুণ্ডে মারা গেছেন আরও ৪ জন। খবর প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো।

সাতক্ষীরা : সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ শিবিরকর্মী নিহত হয়েছে। এ সময় আহত হন আরও ৫ জন। নিহতরা হচ্ছে উপজেলার ঘুঘুডাঙ্গা গ্রামের হোসেন আলী (১৪) ও গরানবাড়িয়া গ্রামের আরিজুল ইসলাম (২০)। এছাড়া মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার তালবাড়িয়ায় সাতক্ষীরা-ভোমরা সড়কে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য গিয়াস উদ্দিনকে (৩২) পিটিয়ে হত্যা করে বিএনপি-জামায়াত কর্মীরা।
চাঁদপুর : মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের জেএম সেনগুপ্ত রোড এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আল আমিন মডেল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম হোসেন (১৪) ও চাঁদপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো. রতন (২১) নিহত হয়। সায়েমকে নিজেদের কর্মী বলে দাবি করেছে ছাত্র শিবির। রতনকে ছাত্রদল কর্মী বলে সংগঠনটি দাবি করেছে।

সীতাকুণ্ড : বিরোধী দলের অবরোধের মধ্যে গভীর রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা বলে দাবি করেছেন বিএনপি নেতারা। নিহত শরিফুল ইসলাম রাসেলের (২০) বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।
চট্টগ্রাম : চট্টগ্রামে গভীর রাতে অবরোধকারীদের বোমা হামলার পর কভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মারা যায় এক চালক। বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চালকের সহকারীও। বিরোধীদলের অবরোধের তৃতীয় দিন সোমবার রাত পৌনে ২টার দিকে বন্দরনগরীর ইপিজেড থানাধীন সি মেনস হোস্টেল এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত মাহবুব আলমের (২৩) বাড়ি ভোলার চরফ্যাশনে। অপরজন হলেন মিজানুর রহমান (২০)।
এদিকে পটুয়াখালীতে অবরোধের প্রথম দিনে পেট্রোল বোমায় দগ্ধ এক বৃদ্ধ তিন দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার সকাল ৯ টার দিকে মারা যান মাওলানা আবদুস সাত্তার (৬৫)।




