শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন না করার কথা জানানোর পরদিন নির্বাচনকালীন সরকার থেকে দলের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ৪ ডিসেম্বর বুধবার রাজধানীর বনানীতে তার নিজ বাসভবনে ভারতীয় পররাষ্ট্রসচিব সুজাতা সিংয়ের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি ওই আহ্বান জানান। এসময় এরশাদ বলেন, আমার শেষ কথা হলো, আমি নির্বাচনে যাব না, যাব না। তোমরা যারা মনোনয়নপত্র দাখিল করেছ, তারা প্রত্যাহার করে নাও। আর সর্বদলীয় সরকারে যারা আছো, তাদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি।
এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন আগে থেকেই। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে ডাক পান আরও ৬ জন। কিন্তু মঙ্গলবার এরশাদ এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, বিরোধী দল বিএনপিসহ সব দল না আসায় এবং পরিবেশ না থাকায় জাতীয় পার্টি দশম সংসদ নির্বাচনে অংশ নেবে না। তার ওই ঘোষণার পর রওশন, আনিসুল ইসলাম, রুহুল আমিন হাওলাদার ও সালমা বুধবার দপ্তরে যাননি। তবে জিএম কাদের ও মজিবুল হক চুন্নু দপ্তরে গিয়েছেন বলে জানা গেছে।




