
স্টাফ রিপোর্টার : দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
২ ডিসেম্বর সোমবার দুপুরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে শেরপুর-১ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য আতিউর রহমান আতিক রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন-এর নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এসময় জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি ও পৌর মেয়র হুমায়ুন কবীর রুমানসহ শীর্ষস্থানীয় দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এর আগে স্থানীয় টাউন হলে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। এ আসনে বিকেলে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জেলা জাপার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে জেলা প্রশাসকের নিকট তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি সদর ইউএনও ও সহকারী রিটার্নিং অফিসারের কাছেও পৃথক মনোনয়নপত্র জমা দেন। এছাড়া জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন গোলাম রব্বানী।
একই দিনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কৃষিবিদ মোঃ বদিউজ্জামান বাদশা নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ মিজানুর রহমান ও সাবেক পৌর মেয়র অধ্যাপক মিজানুর রহমানসহ আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতা তার সাথে ছিলেন। এছাড়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রোজী সিদ্দিকী তালুকদার জেলা প্রশাসকসহ নালিতাবাড়ী ও নকলা ইউএনও’র নিকট পৃথক পৃথক মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া এ আসনে রবিবার মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
শেরপুর-৩ আসনে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ইউএনও এবং সহকারী রিটার্নিং অফিসারদের নিকট মনোনয়নপত্র জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। এসময় দলীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। একইভাবে মনোনয়নপত্র জমা দেন জাপা মনোনীত প্রার্থী ও শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম ফর্সা। এছাড়া জাসদ মনোনীত প্রার্থী এস.এম.আব্দুর রাজ্জাক, এবং ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এস.এম.আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, নবম জাতীয় সংসদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী মো. হেদায়েতুল ইসলাম ও বিএনপি নেতা সরোয়ার বাহাদুর লাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোয়ন দাখিল করেছেন।






